মোটরসাইকেল চালানোর সময় হেলমেট পরিধান করা চালকের মাথার সুরক্ষার জন্য অপরিহার্য। তবে কেবল হেলমেট পরলেই রাইডিং পুরোপুরি নিরাপদ হয় না, বরং হেলমেটের ভাইজার বা সামনের স্বচ্ছ কাঁচের পরিচ্ছন্নতা এবং কার্যকারিতাও সমান গুরুত্বপূর্ণ। রাস্তা দেখার ক্ষেত্রে ভাইজারে জমে থাকা ধুলোবালি, বৃষ্টির পানি কিংবা কুয়াশা বড় ধরনের বাধা সৃষ্টি করতে পারে।
বিশেষ করে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার সময় বা প্রতিকূল আবহাওয়ায় এই সমস্যা আরও প্রকট হয়ে ওঠে। তাই নিরাপদে বাইক চালানোর জন্য ভাইজারের সঠিক রক্ষণাবেক্ষণ এবং ব্যবহারের পাঁচটি কৌশল অবলম্বন করা জরুরি। প্রথমত, ভাইজার পরিষ্কার করার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। ভাইজারে ধুলোবালি জমলে তা শুকনো টিস্যু বা সাধারণ কাপড় দিয়ে জোরে ঘষা উচিত নয়।
এতে ভাইজারের উপরিভাগে সূক্ষ্ম আঁচড় পড়তে পারে, যা দীর্ঘমেয়াদে স্বচ্ছতা কমিয়ে দেয়। পরিষ্কারের জন্য সবসময় মাইক্রোফাইবার কাপড় এবং ভাইজারের জন্য বিশেষভাবে তৈরি ক্লিনিং সলিউশন ব্যবহার করা উচিত। নিয়মিত যারা বাইক চালান, তারা চাইলে টিয়ার-অফ ফিল্ম ব্যবহার করতে পারেন। এর মাধ্যমে ভাইজারের বাইরের স্তরে ময়লা জমলে পুরো ভাইজার পরিষ্কার না করে কেবল ওই স্তরটি খুলে ফেলা যায়।
দ্বিতীয়ত, কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় দৃষ্টি পরিষ্কার রাখা একটি বড় চ্যালেঞ্জ। শীতের সকাল বা ঠান্ডা আবহাওয়ায় হেলমেটের ভেতরের উষ্ণ বাতাসের কারণে ভাইজারের ভেতর দিকে কুয়াশা জমতে পারে, যা রাস্তা দেখার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করে। এই সমস্যা সমাধানে হেলমেটের ভেন্টিলেশন সিস্টেম বা বাতাস চলাচলের পথ সঠিকভাবে ব্যবহার করতে হবে।
এছাড়া কোনো ধরনের ওয়াক্স বা ক্লিনিং পণ্য ব্যবহারের আগে তা ভাইজারের জন্য নিরাপদ কি না, তা নিশ্চিত হওয়া প্রয়োজন। তৃতীয়ত, তীব্র রোদে বাইক চালানোর সময় চোখের আরামের জন্য টিন্টেড বা পোলারাইজড ফিল্ম ব্যবহার করা যেতে পারে। এটি অতিরিক্ত আলো থেকে চোখকে রক্ষা করে এবং রাইডিং আরামদায়ক করে তোলে।
তবে এমন ফিল্ম ব্যবহারের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন কম আলো বা রাতের বেলা এটি দৃষ্টিসীমাকে বাধাগ্রস্ত না করে। চতুর্থত, বর্ষাকালে বৃষ্টির পানি থেকে বাঁচতে হাইড্রোফোবিক স্প্রে ব্যবহার করা যেতে পারে। এই স্প্রে ভাইজারের ওপর পানির ফোঁটা জমতে বাধা দেয় এবং দ্রুত পানি সরে যেতে সাহায্য করে।
এছাড়া সবসময় জ্যাকেটের পকেটে বা বাইকের সঙ্গে একটি ছোট মাইক্রোফাইবার কাপড় রাখা উচিত, যাতে প্রয়োজনে দ্রুত ভাইজার মুছে নেওয়া যায়। পঞ্চমত, দীর্ঘ যাত্রার ক্ষেত্রে টিয়ার-অফ ফিল্ম অত্যন্ত কার্যকর। দীর্ঘ পথ চলার সময় ভাইজারে পোকামাকড় বা রাস্তার ময়লা জমা স্বাভাবিক। বারবার বাইক থামিয়ে ভাইজার পরিষ্কার করা সময়সাপেক্ষ ও ঝামেলার।
টিয়ার-অফ ফিল্ম ব্যবহার করলে ময়লা জমলে সহজেই ওপরের স্তরটি খুলে ফেলা যায়, যা তাৎক্ষণিকভাবে পরিষ্কার দৃষ্টি নিশ্চিত করে। হেলমেট কেবল মাথা রক্ষার সরঞ্জাম নয়, বরং এটি নিরাপদ বাইক চালানোর সামগ্রিক ব্যবস্থার একটি অবিচ্ছেদ্য অংশ। তাই হেলমেট ব্যবহারের পাশাপাশি ভাইজারের স্বচ্ছতা বজায় রাখা, কুয়াশা ও বৃষ্টির সময় দৃশ্যমানতা নিশ্চিত করা এবং দীর্ঘ যাত্রার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সঙ্গে রাখা জরুরি।
ছোট এই অভ্যাসগুলো রাস্তায় দৃষ্টিশক্তি পরিষ্কার রাখতে এবং দুর্ঘটনার ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চালকদের সচেতনতা এবং সঠিক রক্ষণাবেক্ষণই পারে মোটরসাইকেল রাইডিংকে আরও নিরাপদ ও আরামদায়ক করে তুলতে।
