গুগল ফটোস ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে ১৫ গিগাবাইট স্টোরেজ সুবিধা প্রদান করে। তবে এই স্টোরেজ শুধুমাত্র গুগল ফটোসের জন্য নয়, বরং জি-মেইল এবং গুগল ড্রাইভের সঙ্গে যৌথভাবে ব্যবহৃত হয়। ফলে নিয়মিত ছবি ও ভিডিও ব্যাকআপ নেওয়ার কারণে দ্রুত স্টোরেজ পূর্ণ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। স্টোরেজ পূর্ণ হয়ে গেলে নতুন কোনো ফাইল ব্যাকআপ নেওয়া সম্ভব হয় না।
এই সমস্যা সমাধানে বাড়তি অর্থ খরচ না করে কিছু সহজ কৌশল অবলম্বন করে স্টোরেজ খালি করা সম্ভব। প্রথমত, ফোনের গ্যালারিতে থাকা অপ্রয়োজনীয় স্ক্রিনশট, ঝাপসা ছবি এবং একই ছবির একাধিক কপি মুছে ফেলা প্রয়োজন। গুগল ফটোসের ম্যানেজ স্টোরেজ অপশনে গিয়ে এই ধরনের ফাইলগুলো সহজেই শনাক্ত করা যায়।
পুরনো স্ক্রিনশট বা ডুপ্লিকেট ছবিগুলো মুছে ফেললে খুব অল্প সময়ে উল্লেখযোগ্য পরিমাণ জায়গা খালি করা সম্ভব। দ্বিতীয়ত, বড় আকারের ভিডিও ফাইলগুলো স্টোরেজ দ্রুত পূর্ণ হওয়ার অন্যতম কারণ। বিশেষ করে উচ্চ রেজোলিউশনের ভিডিওগুলো অনেক বেশি জায়গা দখল করে। গুগল ফটোসের ম্যানেজ স্টোরেজ অপশনের ভেতরে থাকা লার্জ ফটোস অ্যান্ড ভিডিওস বিভাগে গিয়ে বড় ফাইলগুলো খুঁজে বের করা যায়।
যেসব ভিডিও বা ছবি আর প্রয়োজন নেই, সেগুলো চিহ্নিত করে মুছে ফেললে স্টোরেজে অনেকটা জায়গা তৈরি হয়। তৃতীয়ত, ছবি বা ভিডিও ডিলিট করার পর তা স্থায়ীভাবে মুছে ফেলা জরুরি। গুগল ফটোস থেকে কোনো ফাইল ডিলিট করলে তা সরাসরি ট্রাস ফোল্ডারে জমা হয় এবং সেখানে নির্দিষ্ট সময় পর্যন্ত সংরক্ষিত থাকে।
স্টোরেজ দ্রুত খালি করতে লাইব্রেরি অপশনে গিয়ে ট্রাস ফোল্ডারটি পরিষ্কার করতে হবে। তবে স্থায়ীভাবে ডিলিট করার আগে প্রয়োজনীয় কোনো ফাইল ভুলবশত সেখানে চলে গেছে কি না, তা যাচাই করে নেওয়া উচিত। চতুর্থত, গুগল অ্যাকাউন্টের স্টোরেজ যেহেতু জি-মেইল এবং গুগল ড্রাইভের সঙ্গে ভাগ করা থাকে, তাই সেই জায়গাগুলোও পরিষ্কার রাখা প্রয়োজন।
জি-মেইলে থাকা বড় অ্যাটাচমেন্টসহ অপ্রয়োজনীয় ইমেইল এবং গুগল ড্রাইভে থাকা বড় ফাইলগুলো মুছে ফেললে স্টোরেজ ব্যবস্থাপনায় সুবিধা হয়। ড্রাইভ ও জি-মেইলের ট্রাস ফোল্ডারগুলোও নিয়মিত পরিষ্কার রাখা উচিত। পঞ্চমত, অপ্রয়োজনীয় ফোল্ডারের স্বয়ংক্রিয় ব্যাকআপ বন্ধ করা একটি কার্যকর পদক্ষেপ। অনেক সময় হোয়াটসঅ্যাপ, ডাউনলোডস বা বিভিন্ন অ্যাপের ফোল্ডারে থাকা ছবি ও ভিডিও স্বয়ংক্রিয়ভাবে গুগল ফটোসে ব্যাকআপ হতে থাকে।
গুগল ফটোসের সেটিংস থেকে ব্যাকআপ অপশনে গিয়ে ম্যানেজ ডিভাইস ফোল্ডারস থেকে অপ্রয়োজনীয় ফোল্ডারগুলোর ব্যাকআপ বন্ধ করে দিলে ভবিষ্যতে স্টোরেজ পূর্ণ হওয়ার ঝুঁকি কমে। নিয়মিত বিরতিতে এই কাজগুলো করলে গুগল প্রদত্ত ১৫ গিগাবাইট স্টোরেজ দীর্ঘ সময় ধরে কার্যকরভাবে ব্যবহার করা সম্ভব। মাসে অন্তত একবার ম্যানেজ স্টোরেজ অপশনটি পরীক্ষা করে অপ্রয়োজনীয় ফাইল সরিয়ে ফেলা একটি ভালো অভ্যাস, যা ব্যবহারকারীকে বাড়তি স্টোরেজ কেনার খরচ থেকে মুক্তি দিতে পারে।
