স্প্যানিশ ফুটবল ক্লাব বার্সেলোনার নতুন স্থায়ী অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহাকে। ২০২৬-২৭ মৌসুমে এই জায়ান্ট ক্লাবের নেতৃত্ব দেবেন ২৯ বছর বয়সী এই ফুটবলার। এর মাধ্যমে ক্লাবটির দীর্ঘ ইতিহাসে প্রথমবারের মতো কোনো ব্রাজিলিয়ান খেলোয়াড় স্থায়ী অধিনায়ক হওয়ার গৌরব অর্জন করলেন।
কোচ হান্সি ফ্লিক রাফিনহাকে দলের প্রথম অধিনায়ক এবং পেদ্রিকে দ্বিতীয় অধিনায়ক হিসেবে মনোনীত করেছেন। এছাড়া দলের অন্যান্য খেলোয়াড়দের ভোটের মাধ্যমে এরিক গার্সিয়া, ফ্রেঙ্কি ডি ইয়ং এবং লামিনে ইয়ামালকে নেতৃত্বের কাঠামোয় অন্তর্ভুক্ত করা হয়েছে।
কোচ হান্সি ফ্লিক জানান, তিনি এবং তার কোচিং স্টাফরা গত দুই বছর ধরে দলের সঙ্গে যুক্ত আছেন। ফলে দলের অভ্যন্তরীণ পরিস্থিতি সম্পর্কে তাদের স্পষ্ট ধারণা রয়েছে। ফ্লিক বলেন, তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল দুজন অধিনায়ক নির্বাচন করা, যা তিনি নিজে করেছেন এবং বাকিদের দলের খেলোয়াড়রা নির্বাচন করেছেন।
গত মৌসুম পর্যন্ত বার্সেলোনার স্থায়ী অধিনায়ক ছিলেন গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেন। তবে ডাচ ক্লাব আয়াক্সে ধারে চলে যাওয়ার পর তার শূন্যস্থান পূরণে স্থায়ী অধিনায়ক হিসেবে দায়িত্ব পেলেন রাফিনহা।
গত মৌসুমে রাফিনহা, ডি ইয়ং এবং পেদ্রি সহ-অধিনায়কদের তালিকায় ছিলেন। বর্তমান মৌসুমে নেতৃত্বের কাঠামোতে নতুন মুখ হিসেবে যুক্ত হয়েছেন এরিক গার্সিয়া এবং লামিনে ইয়ামাল। অন্যদিকে, রোনাল্ড আরাউহো লিভারপুলে মৌসুমব্যাপী ধারে চলে যাওয়ায় নেতৃত্বের বিন্যাসে এই পরিবর্তন এসেছে।
কোচ ফ্লিকের অধীনে গত মৌসুমে যখন টের স্টেগেন, আরাউহো এবং ডি ইয়ং নিয়মিতভাবে মাঠে উপস্থিত ছিলেন না, তখন বেশ কয়েকবার দলকে নেতৃত্ব দিয়েছিলেন রাফিনহা। সেই অভিজ্ঞতার পর এবার তাকে স্থায়ীভাবে এই দায়িত্ব প্রদান করা হয়েছে।
বার্সেলোনার ইতিহাসে ব্রাজিলের অনেক কিংবদন্তি ফুটবলার খেলেছেন। রোনালদিনহো, রোনালদো, রোমারিও, রিভালদো এবং নেইমারের মতো তারকারা এই কাতালান ক্লাবটির হয়ে ইতিহাস গড়েছেন। তবে এত দীর্ঘ ইতিহাসে কোনো ব্রাজিলিয়ান খেলোয়াড় স্থায়ী অধিনায়ক হতে পারেননি। রাফিনহা এখন সেই দীর্ঘ অপেক্ষার শেষ করলেন।
রাফিনহা ২০২২ সালে ইংলিশ ক্লাব লিডস ইউনাইটেড থেকে প্রায় ৫৫ মিলিয়ন ইউরোতে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন। ক্লাবে যোগদানের পর থেকে তিনি ধীরে ধীরে দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
বার্সেলোনার হয়ে এখন পর্যন্ত ১৮০টি ম্যাচে রাফিনহা মোট ৮০টি গোল করেছেন। এই সময়ে তিনি ক্লাবের হয়ে তিনটি লা লিগা শিরোপা, তিনটি স্প্যানিশ সুপার কাপ এবং একটি কোপা দেল রে জিতেছেন।
