সকালের নাশতা দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার হিসেবে বিবেচিত হয়। কর্মব্যস্ত দিনের শুরুতে শরীরকে সচল রাখতে পুষ্টিকর নাশতা গ্রহণ করা জরুরি। তবে অনেক সময় নাশতা করার পরপরই শরীরে অস্বাভাবিক ক্লান্তি ও ঝিমুনি অনুভূত হয়। অফিসে পৌঁছানোর পর কাজের শক্তি কমে যাওয়া এবং চোখে ঘুম ঘুম ভাব হওয়ার পেছনে সকালের নাশতায় গ্রহণ করা কিছু নির্দিষ্ট খাবার দায়ী থাকতে পারে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, নাশতায় অতিরিক্ত কার্বোহাইড্রেট ও চিনিযুক্ত খাবার খেলে রক্তে শর্করার মাত্রা দ্রুত বেড়ে যায়। এর ফলে শরীরে ইনসুলিনের নিঃসরণ বৃদ্ধি পায়। পরবর্তীতে রক্তে শর্করার মাত্রা দ্রুত কমে যাওয়ার কারণে শরীরে দুর্বলতা ও ক্লান্তি অনুভূত হয়। এই প্রক্রিয়ার কারণে নাশতার কিছুক্ষণ পরই পুনরায় ক্ষুধা অনুভব হতে পারে।
কর্নফ্লেক্স, মিষ্টি সিরিয়াল এবং পরিশোধিত ময়দার পাউরুটির মতো খাবার নিয়মিত নাশতায় রাখলে এই সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এসব খাবারে থাকা চিনি ও পরিশোধিত কার্বোহাইড্রেট দ্রুত হজম হয়ে রক্তে শর্করার ভারসাম্য নষ্ট করে। শুধু মিষ্টি খাবারই নয়, প্যাকেটজাত ফলের রস ও চিনি মেশানো পানীয়ও ক্লান্তির কারণ হতে পারে।
বাড়িতে তৈরি প্যানকেকে অতিরিক্ত চিনি বা মিষ্টি উপকরণ ব্যবহার করলেও একই ধরনের শারীরিক প্রতিক্রিয়া দেখা দিতে পারে। এছাড়া চা বা কফিতে অতিরিক্ত চিনি কিংবা মধু মেশানোর অভ্যাসও শরীরের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ভাজাপোড়া খাবারের ক্ষেত্রেও একই সতর্কতা প্রয়োজন। লুচি, পরোটা বা অতিরিক্ত তেলে ভাজা খাবার নাশতায় খেলে পেট ভার হয়ে যায়।
এসব খাবার হজম হতে দীর্ঘ সময় লাগে, যা গ্যাস, অস্বস্তি বা অ্যাসিডিটির পাশাপাশি শরীরে ঝিমুনি ও ক্লান্তির সৃষ্টি করে। এই সমস্যা থেকে মুক্তি পেতে সকালের নাশতায় কার্বোহাইড্রেট ও শর্করা জাতীয় খাবারের পরিমাণ কমিয়ে আনার পরামর্শ দেওয়া হয়েছে। এর পরিবর্তে প্রোটিন ও ফাইবারসমৃদ্ধ খাবার খাদ্যতালিকায় রাখা প্রয়োজন।
প্রোটিন শরীরকে দীর্ঘক্ষণ শক্তি জোগাতে সাহায্য করে এবং ফাইবার হজম প্রক্রিয়ায় সহায়তা করে। নাশতায় ওটসের তৈরি পদ, সেদ্ধ ডিম, পনির, আটার রুটি ও সবজির তরকারি রাখা যেতে পারে। এছাড়া সকালে ঘুম থেকে উঠে খালি পেটে চা বা কফি খাওয়ার অভ্যাস এড়িয়ে চলা উচিত। শরীরে পানির ভারসাম্য বজায় রাখতে পর্যাপ্ত পানি পান করাও অত্যন্ত জরুরি।
নাশতার পর নিয়মিত অতিরিক্ত ক্লান্তি, মাথা ঘোরা বা দুর্বলতা অনুভূত হলে বিষয়টি অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। শরীরের স্বাভাবিক বিপাক প্রক্রিয়া বজায় রাখতে এবং কর্মক্ষমতা বাড়াতে সুষম ও পুষ্টিকর নাশতা নির্বাচনের কোনো বিকল্প নেই। সঠিক খাবার নির্বাচনের মাধ্যমে দিনের শুরুটা যেমন প্রাণবন্ত করা সম্ভব, তেমনি দীর্ঘমেয়াদী স্বাস্থ্যঝুঁকিও কমানো যায়।
নাশতার মেনু পরিবর্তনের পাশাপাশি জীবনযাত্রায় সচেতনতা অবলম্বন করলে এই ধরনের ক্লান্তি থেকে মুক্তি পাওয়া সম্ভব। দিনের শুরুতে পুষ্টিকর খাবার গ্রহণ করলে তা শরীরকে দীর্ঘ সময় কর্মক্ষম রাখতে সহায়তা করে। তাই নাশতায় চিনি ও পরিশোধিত কার্বোহাইড্রেট এড়িয়ে প্রোটিন ও ফাইবারযুক্ত খাবার গ্রহণ করাই উত্তম।
