নব্বই দশকের জনপ্রিয় চলচ্চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর ঘটনার বিচারের দাবিতে যশোরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন তার ভক্তরা। রোববার দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে ‘সালমান শাহ ভক্তবৃন্দ’ ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বয়সী অর্ধশতাধিক ভক্ত অংশগ্রহণ করেন। দীর্ঘ তিন দশক ধরে এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তার ভক্তরা।
মানববন্ধনে বক্তারা সালমান শাহের কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন এবং তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। বক্তারা বলেন, সৃষ্টিশীল কর্মকাণ্ডের মাধ্যমে অল্প সময়েই বাংলা চলচ্চিত্রে অসামান্য জনপ্রিয়তা অর্জন করেছিলেন সালমান শাহ। তার অভিনীত অধিকাংশ চলচ্চিত্র আজও দর্শকদের কাছে সমানভাবে জনপ্রিয়। মৃত্যুর প্রায় তিন দশক পেরিয়ে গেলেও এই ঘটনার কাঙ্ক্ষিত বিচার না পাওয়ায় ভক্তদের মধ্যে তীব্র হতাশা বিরাজ করছে।
দীর্ঘদিনের আন্দোলনের পর মামলার অন্যতম অভিযুক্ত ডনকে আটক করা হয়েছে, যা মামলার একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে মনে করছেন ভক্তরা। তবে মামলার সঙ্গে সংশ্লিষ্ট আরও কয়েকজন ব্যক্তি এখনো আইনের আওতার বাইরে রয়েছেন বলে তারা দাবি করেন। মানববন্ধন থেকে সালমান শাহের তৎকালীন স্ত্রী সামিরা, সামিরার মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ওরফে ফরহাদকে দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়।
মানববন্ধনে অংশ নেওয়া কাঠেরপুল যুব সংঘের পরিচালক শিমুল ভূঁইয়া বলেন, সালমান শাহ হত্যার বিচারের দাবিতে তার ভক্তরা ৩০ বছর ধরে রাজপথে আন্দোলন করে আসছেন। বিভিন্ন সরকারের সময় তারা তাদের দাবি তুলে ধরেছেন কিন্তু কাঙ্ক্ষিত বিচার পাননি। তবে তারা এখনো বিচারের আশা ছাড়েননি। তিনি আরও বলেন, বর্তমান সরকারপ্রধান তারেক রহমানের সময় সালমান শাহ হত্যার বিচার প্রক্রিয়ায় অগ্রগতি পরিলক্ষিত হয়েছে।
ইতোমধ্যে ডনকে আটক করা হয়েছে। এখন তাদের প্রধান দাবি হলো মামলার তদন্ত দ্রুত শেষ করা এবং অভিযুক্তদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। মানববন্ধনে তহমিনা বিশ্বাস, সুমি আক্তার, বিজয় মাহমুদ, সাবিক হাসান, রিয়া আক্তার ও পল্লব দাসসহ অনেকে বক্তব্য রাখেন। বক্তারা সালমান শাহের মৃত্যুর ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের মুখোমুখি করার আহ্বান জানান।
মানববন্ধন শেষে প্রেসক্লাব এলাকা থেকে ভক্তরা একটি মিছিল বের করেন। মিছিলটি দড়াটানা হয়ে গাড়িখানায় গিয়ে শেষ হয়। উল্লেখ্য, যশোরের সালমান শাহের ভক্তরা দীর্ঘদিন ধরে তার মৃত্যুবার্ষিকীতে বিচারের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। এর মধ্যে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও দোয়া মাহফিল অন্যতম। এছাড়া প্রতি বছর ১৯ সেপ্টেম্বর সালমান শাহের জন্মদিন উপলক্ষে কেক কাটা, খেলাধুলা ও সিনেমা প্রদর্শনসহ বিভিন্ন আয়োজন করা হয়।
এবারের মানববন্ধন থেকে তার আসন্ন জন্মদিনে বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। ভক্তরা মনে করেন, ন্যায়বিচার নিশ্চিত হলে সালমান শাহের আত্মা শান্তি পাবে এবং বাংলা চলচ্চিত্রের ইতিহাসে একটি কলঙ্কিত অধ্যায়ের অবসান ঘটবে। তারা সরকারের কাছে এই মামলার তদন্ত প্রক্রিয়া আরও গতিশীল করার দাবি জানিয়েছেন।
