ইসলামি শরিয়তে নির্ধারিত সময়ে নামাজ আদায় করা ফরজ বা বাধ্যতামূলক। দৈনন্দিন জীবনের নানা ব্যস্ততা, অলসতা কিংবা অনিচ্ছাকৃত ভুলের কারণে অনেকেরই নিয়মিত নামাজ ছুটে যায়। নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পর সেই নামাজ আদায়ের সুযোগ আছে কি না, ইসলামি শরিয়তে কাজা নামাজ বলতে আদৌ কিছু আছে কি না, কিংবা ইচ্ছাকৃত নামাজ ছাড়লে তা কাজা করতে হয় কি না—এ নিয়ে সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন ও বিভ্রান্তি রয়েছে।
ইসলামি আইনশাস্ত্রে ফরজ আমল আদায়ের দুটি রূপ রয়েছে। প্রথমটি হলো ‘আদা’, যা শরিয়ত নির্ধারিত সময়ের ভেতরে নামাজ আদায় করা। দ্বিতীয়টি হলো ‘কাজা’, যা নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পর ছুটে যাওয়া নামাজ পরবর্তীতে পড়ে দায়িত্বমুক্ত হওয়া। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা নির্দিষ্ট সময়ে নামাজ আদায়ের নির্দেশ দিয়ে বলেছেন, নিশ্চয়ই নামাজ মুমিনদের ওপর নির্দিষ্ট সময়ে ফরজ করা হয়েছে।
তবে মানুষের ভুলত্রুটি বা বাধার কারণে ওয়াক্ত পার হয়ে গেলে সেই নামাজ আল্লাহর ঋণ হিসেবে বান্দার ওপর থেকে যায় কি না, তা-ই কাজা নামাজের মূল প্রতিপাদ্য। ইসলামে কাজা নামাজের অস্তিত্ব হাদিসের স্পষ্ট বিবরণ ও মুসলিম মনীষীদের সর্বসম্মত সিদ্ধান্ত বা ইজমা দ্বারা প্রমাণিত। অনিচ্ছাকৃতভাবে নামাজ ছুটে গেলে, যেমন ঘুম বা ভুলে যাওয়ার কারণে নামাজ কাজা হলে তা স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গেই আদায় করা ফরজ।
এ বিষয়ে রাসুল সা. বলেছেন, যে ব্যক্তি কোনো নামাজের কথা ভুলে যায় কিংবা ঘুমের কারণে তা ছুটে যায়, তার কাফফারা বা প্রায়শ্চিত্ত হলো যখনই তার মনে পড়বে, তখনই সে তা আদায় করে নেবে। খন্দকের যুদ্ধের সময় কাফেরদের তীব্র আক্রমণের কারণে রাসুল সা. ও সাহাবিদের আসরের নামাজ ওয়াক্তমতো আদায় করা সম্ভব হয়নি।
সূর্যাস্তের পর তিনি প্রথমে আসরের কাজা এবং পরে মাগরিবের নামাজ আদায় করেন। অনিচ্ছাকৃত কাজা আদায়ের ব্যাপারে সব যুগের আলেমদের ঐকমত্য রয়েছে। কোনো যুক্তিসংগত অপারগতা ছাড়া ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করা মহাপাপ বা কবিরা গুনাহ। এটি চার মাজহাবের সর্বসম্মত মত। এমন ব্যক্তির ক্ষেত্রেও খাঁটি তওবার পাশাপাশি পূর্বের সব ছুটে যাওয়া নামাজের কাজা আদায় করা আবশ্যক।
হানাফি মাজহাব অনুযায়ী, ইচ্ছাকৃত নামাজ ত্যাগকারীর নামাজ জিম্মায় দায় হিসেবে থেকে যায় এবং তা কাজা করা ছাড়া দায়মুক্ত হওয়া যায় না। মালিকি মাজহাবের মতে, ইচ্ছাকৃত নামাজ ত্যাগের পরও অনুতপ্ত হয়ে পূর্বের নামাজ কাজা আদায় করা ফরজ। শাফিয়ি মাজহাবের ইমাম শাফিয়ি যুক্তি দেন, ঘুমন্ত ব্যক্তির যদি কাজা লাগে, তবে অবহেলাকারীর ক্ষেত্রে কাজা আদায় আরও বেশি প্রযোজ্য।
হাম্বলি মাজহাবের মতে, অনুতপ্ত নামাজ ত্যাগকারী ইসলামের ওপর অটল থাকলে তার অতীত জীবনের নামাজ ধারাবাহিকভাবে কাজা করতে হবে। ইতিহাসের কিছু ফকিহ ও আলেম মত দিয়েছেন যে ইচ্ছাকৃত নামাজ ছাড়লে পরবর্তী সময়ে আর কাজা হয় না। তাদের মূল যুক্তি হলো, ওয়াক্ত আসার আগে যেমন নামাজ হয় না, তেমনি ওয়াক্ত চলে যাওয়ার পরও তা পড়ার সুযোগ নেই।
এছাড়া হাদিসে শুধু ঘুমন্ত ও ভুলোমনা ব্যক্তির কথা বলা হয়েছে এবং শরিয়তে সময় পার হয়ে যাওয়ার পর ইচ্ছাকৃত ত্যাগকারীর জন্য নতুন কোনো কাজা করার সরাসরি আদেশ আসেনি। তবে সংখ্যাগরিষ্ঠ ফকিহ বা জমহুর ওলামা এই সন্দেহের জবাব দিয়েছেন। তাদের মতে, কোনো অপরাধ না থাকা সত্ত্বেও যদি ঘুম বা বিস্মৃতির কারণে আল্লাহর হক বাতিল না হয়ে কাজা করা লাগে, তবে অবহেলাকারী অপরাধীর ক্ষেত্রে নামাজ মাফ হওয়ার প্রশ্নই আসে না।
রাসুল সা. বলেছেন, আল্লাহর প্রাপ্য ঋণ পরিশোধ করাই সবচেয়ে বেশি উপযুক্ত। নামাজ হলো একটি ঋণ; সময় পার হলেও বান্দার কাঁধ থেকে এই ঋণ দূর হয় না। এছাড়া রমজানের রোজা ইচ্ছাকৃত ভাঙলে সবার মতেই কাজা করতে হয়। রোজা যদি সময়ভিত্তিক হয়েও কাজা প্রযোজ্য হয়, তবে নামাজের ক্ষেত্রেও তা অবশ্য পালনীয়।
সংশয়ে পড়ে নামাজ কাজা না করে বসে থাকা ঝুঁকিপূর্ণ। চার মাজহাবের সর্বসম্মত মত অনুযায়ী বিগত জীবনের কাজা নামাজ আদায় করে দায়মুক্ত হওয়াই নিরাপদ। এক্ষেত্রে করণীয় হলো, অতীতে নামাজ ছেড়ে দেওয়ার ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং ভবিষ্যতে কখনো নামাজ না ছাড়ার প্রতিজ্ঞা করা। প্রাপ্তবয়স্ক হওয়ার পর কত দিন বা বছর নামাজ পড়া হয়নি, তার একটি সতর্কতামূলক আনুমানিক সংখ্যা ঠিক করে নেওয়া।
বর্তমান পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের সঙ্গে পেছনের ছুটে যাওয়া এক বা একাধিক ওয়াক্তের কাজা ধারাবাহিকভাবে আদায় করা। মনে মনে নিয়ত করা যে, দায়িত্বে থাকা পেছনের ছুটে যাওয়া কাজা নামাজের মধ্য থেকে নির্দিষ্ট ওয়াক্তের ফরজ নামাজ আদায় করছি। দৈনিক পাঁচ ওয়াক্তের ১৭ রাকাত ফরজ এবং এশার সঙ্গের ৩ রাকাত বিতর—মোট ২০ রাকাতের কাজা পড়তে হয়।
সাধারণ সুন্নত বা নফল নামাজের কাজা পড়তে হয় না। অতীতের ভুলের জন্য অনুতপ্ত হয়ে খাঁটি তাওবার পাশাপাশি নিয়মিত কাজা নামাজ আদায় করে নেওয়াই একজন সচেতন মুমিনের প্রধান দায়িত্ব। এর মাধ্যমে বান্দা আল্লাহর কাঠগড়ায় দায়মুক্তির নিশ্চয়তা লাভ করতে পারে।
