সরকার জাতীয় বেতন কাঠামো ২০২৬ অনুমোদন করেছে যার মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের মূল বেতনে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। নতুন এই কাঠামো অনুযায়ী বিভিন্ন গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা দশম গ্রেডে এবং সহকারী শিক্ষকরা ১৩তম গ্রেডে বেতন পাবেন।
নতুন বেতন কাঠামো অনুযায়ী দশম গ্রেডের প্রধান শিক্ষকদের চাকরির শুরুতে মূল বেতন ১৬ হাজার টাকা থেকে বেড়ে ৩২ হাজার টাকা হবে। ইনক্রিমেন্টের মাধ্যমে এই গ্রেডের সর্বোচ্চ মূল বেতন ৭৭ হাজার ৩০০ টাকা পর্যন্ত হতে পারে। অন্যদিকে ১৩তম গ্রেডের সহকারী শিক্ষকদের চাকরির শুরুতে মূল বেতন ১১ হাজার টাকা থেকে বেড়ে ২৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে এবং ইনক্রিমেন্টের মাধ্যমে তাদের সর্বোচ্চ মূল বেতন ৫৮ হাজার টাকা পর্যন্ত পৌঁছাতে পারে।
বেতন বৃদ্ধির এই প্রক্রিয়াটি তিন ধাপে সম্পন্ন হবে। দশম থেকে ২০তম গ্রেডের চাকরিজীবীদের ক্ষেত্রে চলতি বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত নতুন বর্ধিত মূল বেতনের ৫০ শতাংশ কার্যকর হবে। এরপর ২০২৭ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত আরও ২৫ শতাংশ এবং ২০২৭ সালের জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে অবশিষ্ট ২৫ শতাংশ কার্যকর করা হবে।
সব ধরনের ভাতা ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে নতুন হারে কার্যকর হবে। প্রধান শিক্ষকদের বেতন তিন ধাপে বাস্তবায়নের ফলে চাকরির শুরুতে মূল বেতন ১৬ হাজার টাকা থেকে প্রথম ধাপে ২৪ হাজার, দ্বিতীয় ধাপে ২৮ হাজার এবং তৃতীয় ধাপে ৩২ হাজার টাকায় উন্নীত হবে। বাড়িভাড়া, চিকিৎসা ও শিক্ষাসহায়ক ভাতাসহ সব সুবিধা যোগ হওয়ার পর একজন প্রধান শিক্ষকের মোট বেতন-ভাতা ৫০ হাজার টাকার বেশি হতে পারে।
সহকারী শিক্ষকদের ক্ষেত্রে প্রথম ধাপে মূল বেতন ১৭ হাজার ৫০০ টাকা হবে এবং পরবর্তী ধাপগুলো বাস্তবায়নের পর তা ২৪ হাজার টাকায় উন্নীত হবে। সব ভাতা যোগ করার পর তাদের মোট বেতন প্রায় ৪০ হাজার টাকার কাছাকাছি পৌঁছাতে পারে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদের ৮০ শতাংশ সহকারী শিক্ষকদের পদোন্নতির মাধ্যমে এবং ২০ শতাংশ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণ করা হয়।
নবম গ্রেডের কর্মকর্তাদের ক্ষেত্রে চাকরির শুরুতে মূল বেতন ২২ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪৪ হাজার টাকা করা হয়েছে। ঢাকায় কর্মরত নবম গ্রেডের একজন নতুন কর্মকর্তা ২০২৮ সালের জানুয়ারি থেকে মূল বেতন ৪৪ হাজার টাকার সঙ্গে ৫০ শতাংশ বাড়িভাড়া ও অন্যান্য ভাতা মিলিয়ে প্রায় ৭০ হাজার টাকা বেতন পেতে পারেন।
সর্বনিম্ন ২০তম গ্রেডে চাকরির শুরুতে মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। তবে পুরোনো চাকরিজীবীদের ক্ষেত্রে নতুন বেতন কাঠামো সবার জন্য সমান হবে না। তাদের বর্তমান মূল বেতন, চাকরির মেয়াদ, ইনক্রিমেন্ট ও অন্যান্য সুবিধার ওপর ভিত্তি করে নতুন বেতন নির্ধারিত হবে।
নতুন বেতন কাঠামো কার্যকর হওয়ার পর বর্তমানে চালু থাকা ১৫ শতাংশ বিশেষ সুবিধা বাতিল বলে গণ্য হবে।
