রাজধানীর মধ্য বাড্ডার হোসেন মার্কেটের সম্মেলন কক্ষে গত বুধবার জাগো নিউজের আয়োজনে দিনব্যাপী এক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও ক্যাম্পাস থেকে আগত প্রতিনিধিদের অংশগ্রহণে আয়োজিত এই সম্মেলনে সাংবাদিকতার মানোন্নয়ন, বস্তুনিষ্ঠতা এবং পেশাদারিত্ব বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশ্বজুড়ে বাংলা ভাষাভাষী মানুষের কাছে নির্ভরযোগ্য ও নিরপেক্ষ সংবাদমাধ্যম হিসেবে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করতে হবে।
প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, ঢাকা শহরের বাইরে থেকে সংবাদ সংগ্রহের ক্ষেত্রে প্রতিনিধিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাঠ পর্যায়ের প্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণ এবং নিয়মিত সংবাদ প্রতিবেদন জমা দেওয়া যেকোনো সংবাদ প্রতিষ্ঠানের জন্য অপরিহার্য। তিনি আরও বলেন, মাঠ পর্যায়ের প্রতিনিধি থেকে শুরু করে প্রধান কার্যালয়ের সাংবাদিক পর্যন্ত প্রত্যেকের কাজের গুরুত্ব সমান।
সবাইকে একটি দল হিসেবে কাজ করতে হবে এবং প্রতিষ্ঠানের প্রতি মালিকানাবোধ তৈরি করতে হবে। প্রতিষ্ঠানের সাফল্য ও প্রবৃদ্ধির জন্য প্রত্যেকের কাজের মান উন্নত করা এবং দায়িত্ব সঠিকভাবে পালন করা প্রয়োজন। প্রধান কার্যালয় ও মাঠ পর্যায়ের প্রতিনিধিদের মধ্যে সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, পারস্পরিক যোগাযোগ ও দলগত কাজের মাধ্যমেই প্রতিষ্ঠানের সীমাবদ্ধতা কাটিয়ে এগিয়ে যাওয়া সম্ভব।
জাগো নিউজের সম্পাদক কে এম জিয়াউল হক সমাপনী বক্তব্যে বলেন, প্রতিষ্ঠানটি বর্তমানে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে পাঠকদের কাছে সমাদৃত। যুক্তরাষ্ট্র, সৌদি আরব, ভারত, জার্মানি, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, নরওয়ে, আয়ারল্যান্ড, যুক্তরাজ্য ও সংযুক্ত আরব আমিরাতের বিপুল সংখ্যক পাঠক নিয়মিত এই সংবাদমাধ্যমটি পড়েন। আগামী দুই বছরের মধ্যে পাঠকদের কাছে গ্রহণযোগ্যতা ও প্রভাব আরও বৃদ্ধির পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।
তিনি বলেন, তৃণমূল পর্যায়ের মানুষের সমস্যা, ভোগান্তি এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোকে সংবাদে আরও বেশি গুরুত্ব দিতে হবে। বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে তৈরি ভুল তথ্য ও অপপ্রচারের চ্যালেঞ্জ মোকাবিলায় সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাইয়ের ওপর তিনি জোর দেন। এছাড়া আধুনিক ও সময়োপযোগী সংবাদ উপস্থাপনার অংশ হিসেবে মাল্টিমিডিয়া সাংবাদিকতার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।
সম্পাদক আরও জানান, সংবাদ প্রতিষ্ঠানের পাশাপাশি সামাজিক উদ্যোগ ও মানবিক কর্মকাণ্ডে জাগো নিউজকে একটি প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এর অংশ হিসেবে ‘জাগো মানবতা’র মতো উদ্যোগগুলো ভবিষ্যতে আরও সম্প্রসারিত করা হবে। সম্মেলনে বিভিন্ন সেশনে সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ‘আমাদের সম্পাদকীয় লক্ষ্য: ট্রাফিকের চেয়ে বিশ্বাসযোগ্যতা এবং এক নম্বর হওয়ার পথ’ শীর্ষক দিকনির্দেশনামূলক উপস্থাপনা দেন সম্পাদক কে এম জিয়াউল হক।
এছাড়া তৃণমূল থেকে বিশেষ ও অনুসন্ধানী প্রতিবেদন তৈরির কৌশল, সাংবাদিকতার চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়, অনলাইন সংবাদের শিরোনাম ও ভূমিকা লেখার কৌশল, স্থানীয় ব্যবসায়িক সংবাদকে জাতীয় সংবাদে রূপান্তর এবং মাঠ পর্যায় থেকে ক্রীড়া সাংবাদিকতার ওপর বিস্তারিত আলোচনা করা হয়। মোবাইল সাংবাদিকতার কৌশল, স্মার্টফোন ব্যবহার করে প্রতিবেদন তৈরি, স্থিরচিত্র ও ভিডিও ধারণের ওপরও প্রশিক্ষণ দেওয়া হয়।
সম্মেলনে অংশ নেওয়া জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধিরা তাদের কাজের অভিজ্ঞতা, অর্জন ও চ্যালেঞ্জগুলো তুলে ধরেন। দিনব্যাপী এই আয়োজনে বিভিন্ন বিষয়ের ওপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে সারা দেশ থেকে নির্বাচিত সাতজন সেরা প্রতিবেদককে পুরস্কার প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন চট্টগ্রাম থেকে ইকবাল হোসেন, কুমিল্লা থেকে জাহিদুল ইসলাম পাটোয়ারী, ফরিদপুর থেকে এনকেবি নয়ন, চট্টগ্রাম থেকে রফিক হায়দার, টাঙ্গাইল থেকে আব্দুল্লাহ আল নোমান, বগুড়া থেকে লতিফুল বাশার এবং রাজশাহী থেকে মনির হোসেন মাহিন।
সবশেষে একটি ফটোসেশনের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘটে।
