বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অতীতে বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি উদ্ধার করেছে এবং এবারও দেশের গভীর সংকট থেকে উত্তরণে দলটিই নেতৃত্ব দিতে সক্ষম হবে। মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকেলে চট্টগ্রাম নগরীর পুরাতন রেলস্টেশনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ যখনই কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছে, তখনই বিএনপি দেশকে উদ্ধার করেছে। বর্তমানে দেশের যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেখান থেকেও সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে দেশকে বের করে আনতে হবে। তিনি আরও বলেন, দেশের প্রতি ভালোবাসা থাকলেই দেশের জন্য কাজ করা সম্ভব, আর এর জন্য মন্ত্রী বা সংসদ সদস্য হওয়ার প্রয়োজন নেই।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশপ্রেম, স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং রাজনৈতিক শৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন ও উৎপাদনের রাজনীতির শিক্ষা দিয়েছেন বলে তিনি উল্লেখ করেন। আমির খসরু বলেন, দেশের মানুষকে সঙ্গে নিয়ে জাতীয়তাবাদী শক্তির ব্যানারে রাজনীতি করার শিক্ষাও তিনি দিয়েছেন। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সাহসী অর্থনৈতিক কর্মসূচি গ্রহণ করেছে দাবি করে অর্থমন্ত্রী বলেন, অর্থনৈতিক সংকটের এমন সময়ে বড় বাজেট দেওয়ার সাহস অনেকের হবে না, কিন্তু বিএনপি সেই সাহস দেখিয়েছে।
তিনি আশ্বস্ত করেন যে, এই বাজেট পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা হবে। তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষের সমস্যাকে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সমস্যা হিসেবে না দেখে সামগ্রিক সমস্যা হিসেবে দেখা হচ্ছে এবং আগামীতে নেওয়া বিভিন্ন পদক্ষেপ একের পর এক কার্যকর করা হবে। অর্থমন্ত্রী বলেন, অনেক ত্যাগের বিনিময়ে দেশে একটি গণতান্ত্রিক নির্বাচন হয়েছে এবং নির্বাচিত সংসদ ও সরকার গঠিত হয়েছে।
মানুষের প্রত্যাশা পূরণ করাই বর্তমান সরকারের প্রধান দায়িত্ব বলে তিনি মন্তব্য করেন। আগামী দিনের উন্নয়ন বাধাগ্রস্ত করলে বাংলাদেশের মানুষ তাদের ক্ষমা করবে না উল্লেখ করে তিনি বলেন, এলাকায় মাদকের কারবার কারা করে তা স্থানীয় মানুষ জানেন। তাই শুধু পুলিশের জন্য অপেক্ষা না করে মাদক কারবারীদের পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান জানান তিনি।
একই সঙ্গে চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি। দেশের উন্নয়ন ও সরকারি কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতে বিভিন্ন অপশক্তি চেষ্টা করবে জানিয়ে আমির খসরু বলেন, তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমান যে বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশ সঞ্চালনা করেন মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান। সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম, কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ও ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান এবং বিএনপির কেন্দ্রীয় সদস্য শামসুল আলম।
