বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি একটি পরিবেশবান্ধব রাজনৈতিক দল এবং দলটি বৃক্ষরোপণ, নদী-নালা ও জলাশয় রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বুধবার (২ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত এই কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে তিনি এই বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এবং সঞ্চালনা করেন সদস্য সচিব তানভীর আহমেদ রবিন। অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব ও পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম, ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এবং ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রুহুল কবির রিজভী তার বক্তব্যে বিএনপিকে বিশুদ্ধ নদী-নালার সঙ্গে তুলনা করে বলেন, দলের কার্যক্রম পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালামের গৃহীত বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে বলেন, আগে পুরান ঢাকার রাস্তাঘাট ও জলাশয়গুলো অপরিচ্ছন্ন থাকায় পরিবেশ নিয়ে ভীতি কাজ করত।
তবে বর্তমানে খাল, পুকুর ও জলাশয় পরিষ্কার করার ফলে পরিবেশের দৃশ্যমান উন্নয়ন ঘটছে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় তিনি গাছ, মাছ, নদী, পুকুর ও খাল-বিল সংরক্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বিশ্বজুড়ে তাপমাত্রা বৃদ্ধির ফলে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা মোকাবিলা করতে না পারলে ভবিষ্যতে মানুষের জন্য বিশুদ্ধ বাতাস ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে।
অপরিকল্পিত নগরায়ণকে পরিবেশ দূষণের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করে তিনি বলেন, জলাশয় ভরাট হওয়ার কারণে প্রকৃতি থেকে আগের মতো কাশফুল বা প্রাকৃতিক সৌন্দর্য হারিয়ে যাচ্ছে। তাই পরিকল্পিত নগরায়ণের পাশাপাশি পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে। শহরের ফাঁকা জায়গাগুলোতে বৃক্ষরোপণের আহ্বান জানিয়ে তিনি বলেন, পরিবেশ রক্ষায় প্রতিটি নাগরিককে এগিয়ে আসতে হবে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব জানান, দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি ঘোষণা করেছেন। এই লক্ষ্যমাত্রার অংশ হিসেবে ছয় মাসে আড়াই কোটি গাছ লাগানোর পরিকল্পনা থাকলেও এরই মধ্যে প্রায় তিন কোটির বেশি গাছ লাগানো হয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, বিগত সরকারের সময় নানা প্রতিকূলতা ও নিপীড়নের মধ্যেও বিএনপির নেতাকর্মীরা বৃক্ষরোপণ এবং নদী-নালা পরিষ্কারের কর্মসূচি চালিয়ে গেছেন। ডেঙ্গু পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, এবার ডেঙ্গুর প্রকোপ গতবারের তুলনায় কম। পুকুর, বিল ও নালা পরিষ্কার রাখলে এডিস মশার প্রজনন নিয়ন্ত্রণ করা সম্ভব।
বিদ্যুৎ ও জ্বালানি সংকটের বিষয়ে রিজভী বলেন, আন্তর্জাতিক সংঘাতের কারণে এলএনজি আমদানিতে কিছুটা জটিলতা তৈরি হয়েছে। তবে সরকার বিকল্প উৎস থেকে গ্যাস আনার চেষ্টা করছে এবং কারিগরি ত্রুটি সারিয়ে টার্মিনাল মেরামতের কাজ চলছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে জ্বালানি সংকট অনেকটা কমে আসবে।
সিটি করপোরেশনের আর্থিক সীমাবদ্ধতার বিষয়ে তিনি বলেন, আগের সরকারের আমলে ব্যাংক থেকে টাকা লোপাট ও পাচারের কারণে আর্থিক ব্যবস্থায় যে চাপ তৈরি হয়েছে, তার প্রভাব উন্নয়নকাজে পড়ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে। পরিশেষে তিনি বলেন, বিএনপি জনস্বার্থের দল এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ দলটিকে ক্ষমতায় এনেছে।
জনগণের কল্যাণে দলটি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, প্রবাসী কার্ড ও হেলথ কার্ডের মতো কর্মসূচি গ্রহণ করেছে। এছাড়া নারী শিক্ষার প্রসারে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবৈতনিক শিক্ষা কার্যক্রমের ধারাবাহিকতায় তারেক রহমান মেয়েদের বিএ ও অনার্স পর্যন্ত শিক্ষা অবৈতনিক করার পরিকল্পনা নিয়েছেন বলে তিনি জানান।
