দেশের বিশাল জনসংখ্যাকে দক্ষ জনসম্পদে পরিণত করতে পারলে ভবিষ্যতে বাংলাদেশ বিশ্বমঞ্চে নেতৃত্ব দেবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে ২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী স্কাউট ও রোভার স্কাউটদের সংবর্ধনা প্রদান করা হয়।
শিক্ষামন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেন। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, দেশের প্রধান সম্পদ হলো মেধাবী তরুণ সমাজ। আগামীর বাংলাদেশ বিনির্মাণে তরুণ ও মেধাবীদের গুরুত্ব দেওয়া অপরিহার্য। তিনি আরও বলেন, বর্তমান সরকার দেশের বিশাল জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের লক্ষ্যে কাজ করছে। এই লক্ষ্য অর্জিত হলে ভবিষ্যতে বাংলাদেশ বিশ্ব নেতৃত্বের আসনে আসীন হবে।
তরুণ প্রজন্মের ওপরই দেশের ভবিষ্যৎ নির্ভর করছে বলে তিনি উল্লেখ করেন। স্কাউটিংয়ের গুরুত্ব তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, স্কাউটিং জনসেবার মনোভাব ও নেতৃত্বের গুণাবলী বিকাশে সহায়তা করে। এটি শিক্ষার্থীদের দেশের জন্য আত্মত্যাগ করতে শেখায়। স্কাউটিংয়ের মাধ্যমে শিক্ষার্থীরা জনসেবা, নেতৃত্ব প্রদান, দেশপ্রেম এবং জনগণের প্রতি ভালোবাসা অর্জনের শিক্ষা পায়।
যারা বর্তমানে স্কাউটিংয়ের সাথে যুক্ত রয়েছে, তারা ভবিষ্যতে দেশের নেতৃত্বের আসনে বসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। নৈতিকতাসম্পন্ন ও মাদকমুক্ত জাতি গঠনে সরকার শিক্ষার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, শিক্ষার মানোন্নয়নে স্কুল ড্রেস বিতরণ এবং প্রাথমিক বিদ্যালয়গুলোতে মিড-ডে মিল চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে খেলাধুলা এবং কারিগরি শিক্ষাকে বর্তমান শিক্ষাক্রমের অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া স্কাউটসের সার্বিক উন্নয়নের জন্য সরকার একটি পৃথক স্কিম গ্রহণ করেছে বলেও তিনি জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন, বাংলাদেশ স্কাউটসের সভাপতি ও মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মীয়াসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে ২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী মোট ৫৮০ জন মেধাবী স্কাউট ও রোভার স্কাউটকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধিত প্রত্যেক শিক্ষার্থীকে একটি অভিনন্দনপত্র, মেডেল এবং দুই হাজার টাকা নগদ অর্থ প্রদান করা হয়। মেধাবী শিক্ষার্থীদের এই অর্জন দেশের শিক্ষা খাতের অগ্রগতিকে প্রতিফলিত করে বলে অনুষ্ঠানে বক্তারা মন্তব্য করেন।
সরকার তরুণদের দক্ষতা উন্নয়নে যে পরিকল্পনা গ্রহণ করেছে, তা বাস্তবায়নের মাধ্যমে দেশের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।
