মিস ওয়ার্ল্ড ২০২৬ প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের লড়াই শুরু হচ্ছে। এই প্রতিযোগিতার এশিয়া ও ওশেনিয়া জোনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন সামানজার সাঈদ। তিনি ‘বিউটি উইথ আ পারপাস’ ক্যাটাগরিতে অংশগ্রহণ করছেন এবং তাঁর প্রকল্প এই জোনের সংক্ষিপ্ত তালিকার সেরা ছয়টি প্রকল্পের মধ্যে একটি হিসেবে স্থান করে নিয়েছে।
প্রতিযোগিতার ফাইনালে মোট ১১১ জন প্রতিযোগীর মধ্য থেকে প্রথমে সেরা ৪০ জনকে বাছাই করা হবে। এই বাছাই প্রক্রিয়ার মধ্যে বিভিন্ন ক্যাটাগরি থেকে প্রতিযোগী নির্বাচিত হবেন। প্রতিটি জোনের সংক্ষিপ্ত তালিকায় থাকা সেরা ছয়টি ‘বিউটি উইথ আ পারপাস’ প্রকল্প থেকে এক বা দুটি প্রকল্প সরাসরি সেরা ৪০ জনের তালিকায় নাম আসার সুযোগ রয়েছে।
সামানজার সাঈদের প্রকল্প সেরা ছয়টি প্রকল্পের মধ্যে থাকায় তাঁর নাম সেরা ৪০ জনের তালিকায় আসার সম্ভাবনা রয়েছে।
প্রতিযোগিতার বিচারক ও আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে যে, এশিয়া ও ওশেনিয়া জোন ছাড়াও বাকি তিনটি জোন বা অঞ্চল হিসেবে আফ্রিকা, আমেরিকা ও ক্যারিবীয় এবং ইউরোপ অন্তর্ভুক্ত রয়েছে। এই চারটি গ্রুপ থেকে মোট ১০ জন করে প্রতিযোগী ফাইনালে উঠে আসবেন। এই ১০ জনকে বাছাই করার ক্ষেত্রে বিউটি উইথ আ পারপাস, মাল্টিমিডিয়া, হেড টু হেড চ্যালেঞ্জ, টপ মডেল এবং পিপলস চয়েসসহ বিচারকদের পছন্দের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।
সেরা ৪০ জন নির্বাচিত হওয়ার পর প্রতিযোগিতার পরবর্তী ধাপ হিসেবে সেরা ২০ জনের নির্বাচন অনুষ্ঠিত হবে। এই পর্যায়ে মোট ৫ জন প্রতিযোগী সরাসরি নির্বাচিত হবেন। এর মধ্যে বিউটি উইথ আ পারপাস থেকে দুজন, মাল্টিমিডিয়া উইনার হিসেবে একজন, হেড টু হেড চ্যালেঞ্জের বিজয়ী হিসেবে একজন এবং টপ মডেল উইনার হিসেবে একজন সরাসরি সেরা ২০ জনের তালিকায় স্থান পাবেন।
বাকি ১৫ জন প্রতিযোগী বিচারকদের দেওয়া নম্বরের ভিত্তিতে নির্বাচিত হবেন। বিচারকেরা এই ১৫ জনের প্রতিযোগীদের নির্বাচন করার সময় চারটি জোনের প্রতিযোগীদের সমানভাবে সুযোগ দেওয়ার চেষ্টা করবেন।
সেরা ২০ জন নির্বাচিত হওয়ার পর তারা নতুন কিছু টাস্ক বা নির্ধারিত কাজ সম্পন্ন করবেন। এই কাজগুলোর পারফরম্যান্সের উপর ভিত্তি করে সেখান থেকে আবার সেরা ১২ জনকে বাছাই করা হবে। সেরা ১২ জনের মধ্যে দুজন বিচারকদের নম্বরের ভিত্তিতে বিউটি উইথ আ পারপাস ক্যাটাগরিতে জয়ী হয়ে আসবেন।
এছাড়া অনুষ্ঠান চলাকালীন পিপলস চয়েস ক্যাটাগরিতে সবচেয়ে বেশি ভোট পাওয়া দুজন প্রতিযোগীও সেরা ১২ জনের তালিকায় স্থান পাবেন। বাকি আটজন প্রতিযোগীকে চারটি অঞ্চল থেকে দুজন করে বিচারকেরা বাছাই করবেন।
চূড়ান্ত পর্যায়ে যাওয়ার আগে সেরা ছয় জনের নির্বাচন অনুষ্ঠিত হবে। এই পর্যায়ে চারজন প্রতিযোগী অঞ্চলভিত্তিক বিজয়ী হিসেবে নির্বাচিত হবেন। এছাড়া বিউটি উইথ আ পারপাস বিজয়ী হিসেবে একজন এবং দর্শকের ভোটে বা পিপলস চয়েস হিসেবে একজন প্রতিযোগী সেরা ছয় জনের তালিকায় নাম লেখাবেন।
সবশেষে, এই সেরা ছয়জন প্রতিযোগীর মধ্য থেকে একজন চূড়ান্ত বিজয়ী হিসেবে মিস ওয়ার্ল্ড ২০২৬ এর মুকুট পরবেন। এর সাথে সাথে ফার্স্ট রানারআপ এবং সেকেন্ড রানারআপ হিসেবে একজন করে প্রতিযোগী নির্বাচিত হবেন। এর আগে ২০২৫ সালের মিস ওয়ার্ল্ড বিজয়ী হয়েছিলেন থাইল্যান্ডের ওপাল সুচাতা চুয়াংস্রি।
