মিশরের রাজধানী কায়রোতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও রাসুলপ্রেমের আবহে আন্তর্জাতিক মাওলিদ সেমিনার, শামায়েলে মুহাম্মাদিয়্যাহ পাঠ, হিফজুল হাদিস প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন আহলুস সুন্নাহ ওয়াল জামা‘আহ বাংলাদেশ, মিশর শাখার উদ্যোগে কায়রোর ত্বাকি স্কয়ারের নাদি আল-মিয়াহ কনফারেন্স সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সাইমুম আল-মাহদী আজহারী ও ওমাইর উদ্দিন ওমর আজহারী সঞ্চালনা করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও নাত পরিবেশন করা হয়। আহলুস সুন্নাহ ওয়াল জামা‘আহ বাংলাদেশ, মিশর শাখার সভাপতি সাইফুর রহমান আল-আজহারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকান মুসলিম অ্যালায়েন্সের প্রেসিডেন্ট শাইখ সাইফুল আজম বাবর আল-আজহারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিশরে বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত গৌতম কুমার দে এবং প্রথম সচিব মো. জাকির হোসাইন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আল-আজহার বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত আলেম ড. আবদেল ফাত্তাহ আল-আওয়ারি এবং প্রফেসর ড. সুবহি আবদেল ফাত্তাহ রাবি। প্রধান অতিথি শাইখ সাইফুল আজম বাবর আল-আজহারী তার বক্তব্যে হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও চরিত্রের বিভিন্ন দিক তুলে ধরেন।
অনুষ্ঠানে আয়োজিত হিফজুল হাদিস প্রতিযোগিতায় কোমলমতি শিশু থেকে শুরু করে তরুণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় সাইফুল ইসলাম প্রথম, মইনউদ্দিন দ্বিতীয় এবং ওবায়দুল্লাহ খান তৃতীয় স্থান অর্জন করেন। প্রতিযোগিতার পাশাপাশি ইমাম তিরমিজি (রহ. ) রচিত ‘শামায়েলে মুহাম্মাদিয়্যাহ’ পাঠ ও খতম করা হয়। আল-আজহারের আলেম ও বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এতে অংশ নেন এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে ঐতিহ্যবাহী ‘ইজাযাহ’ প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত গৌতম কুমার দে বলেন, মিশরে অধ্যয়নরত আল-আজহার বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ ও প্রয়োজনে দূতাবাস সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। তিনি শিক্ষার্থীদের যে কোনো সমস্যা ও সংকটে দূতাবাসের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন। তিনি আরও বলেন, বাংলাদেশি শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আল-আজহার বিশ্ববিদ্যালয়ে নিজেদের মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখে আসছেন।
তিনি শিক্ষার্থীদের পারস্পরিক ঐক্য ও সৌহার্দ্য বজায় রেখে শিক্ষা ও গবেষণায় বাংলাদেশের সুনাম অক্ষুণ্ন রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশনের কার্যকরী কমিটির প্রতিনিধি এবং আল-আজহার ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি তাজদীদ বিন ওদুদসহ বিভিন্ন সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্বে হিফজুল হাদিস প্রতিযোগিতার বিজয়ী ও কৃতী শিক্ষার্থীদের হাতে বিশেষ সম্মাননা, পুরস্কার ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানের সভাপতি সাইফুর রহমান আল-আজহারী সমাপনী বক্তব্য প্রদান করেন। সবশেষে প্রধান অতিথি শাইখ সাইফুল আজম বাবর আল-আজহারী উম্মতের হেদায়েত, বিশ্বশান্তি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। মোনাজাত শেষে উপস্থিত সবার মাঝে তাবারুক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এই আয়োজন প্রবাসে বসবাসরত বাংলাদেশি শিক্ষার্থীদের মাঝে ধর্মীয় জ্ঞানচর্চা ও পারস্পরিক বন্ধন সুদৃঢ় করতে ভূমিকা রাখে বলে আয়োজকরা জানান।
