বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন বা পেট্রোবাংলা গত ২৯ আগস্ট একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে স্পট মার্কেট থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি সরবরাহের জন্য নতুন সরবরাহকারী প্রতিষ্ঠান তালিকাভুক্ত করার আবেদন আহ্বান করেছে। আন্তর্জাতিক বাজারের অস্থিরতা এবং দেশে গ্যাস সরবরাহের অনিশ্চয়তার মধ্যে স্পট মার্কেট থেকে এলএনজি কেনার সুযোগ বৃদ্ধি করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
আবেদন জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১৫ সেপ্টেম্বর দুপুর ১২টা ৩০ মিনিট। পেট্রোবাংলা জানিয়েছে, মাস্টার এলএনজি সেল অ্যান্ড পারচেজ অ্যাগ্রিমেন্ট বা এমএসপিএ অনুযায়ী স্পট ভিত্তিতে এলএনজি সরবরাহের জন্য প্রতিষ্ঠানগুলোকে তালিকাভুক্ত করা হবে। আগ্রহী প্রতিষ্ঠানগুলো এককভাবে অথবা যৌথ উদ্যোগে আবেদন করতে পারবে।
তবে পেট্রোবাংলার সঙ্গে বর্তমানে স্পট ভিত্তিতে এলএনজি সরবরাহের জন্য যারা তালিকাভুক্ত প্রতিষ্ঠান, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন হবে না। এই তালিকাভুক্তি প্রক্রিয়াটি মূলত নতুন সম্ভাব্য সরবরাহকারীদের জন্য রাখা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আবেদনকারীদের নির্ধারিত ফরমে আবেদন জমা দিতে হবে। আবেদনের সাথে আবেদন দাখিলের চিঠি, আবেদনকারী প্রতিষ্ঠানের তথ্যপত্র এবং আবেদনপত্রে স্বাক্ষরের অনুমোদনপত্র যুক্ত করতে হবে। আবেদনপত্রগুলো সরাসরি অথবা কুরিয়ারের মাধ্যমে জমা দেওয়া যাবে। এছাড়া ই-মেইলের মাধ্যমেও আবেদন পাঠানোর সুযোগ রাখা হয়েছে, তবে ই-মেইলে আবেদন পাঠালেও এর হার্ড কপি কুরিয়ার অথবা সরাসরি জমা দিতে হবে।
নতুন সরবরাহকারী হিসেবে তালিকাভুক্তির জন্য আবেদন ফি হিসেবে ১০০ মার্কিন ডলার অথবা ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি তালিকাভুক্তি ফি হিসেবে ৪০ মার্কিন ডলার বা ৫ হাজার টাকা প্রদান করতে হবে।
পেট্রোবাংলার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে স্পট মার্কেট থেকে এলএনজি কেনার জন্য মোট ২৭টি আন্তর্জাতিক সরবরাহকারী প্রতিষ্ঠান তালিকাভুক্ত রয়েছে। তবে নিয়মিত দরপত্রে এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে মাত্র কয়েকটি অংশ নেয়। এর ফলে বাজারে প্রতিযোগিতার অভাব দেখা দেয়।
কর্মকর্তারা আরও জানান, সরবরাহকারী প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ানো গেলে দরপত্রে প্রতিযোগিতা বৃদ্ধি পাবে। এর ফলে পেট্রোবাংলা এলএনজি কেনার ক্ষেত্রে তুলনামূলকভাবে ভালো দাম পাওয়ার সুযোগ তৈরি হবে এবং দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করবে।
